আরেক যাত্রী মুজিবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ সেপ্টেম্বর রাত ১১টা কারওয়ান বাজার, ঢাকা
আপনার নাম? ‘মুজিবর’।
পুরো নাম বলবেন? ‘পুরা নামই তো মুজিবর। আগেও কিছু নাই, পিছেও নাই।’ বলেই ফিক করে হাসলেন। ‘স্বাধীনের দিন’ জন্ম বলেই নাকি এলাকার ডাক্তার বাবু নাম রেখেছিলেন মুজিবর।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে বাড়ি মুজিবরের। তিন সন্তানের জনক মুজিবর রিকশা চালান ঢাকা শহরে। দশ-বারো দিন হয়ে গেলেই বাড়ির দিকে ছোটেন। কয়েক দিন থেকে আবার ফিরে আসেন ঢাকায়।
২৭ সেপ্টেম্বর রাত ১১টায় কারওয়ান বাজার এসেছেন কম টাকায় বাড়ি যাবেন বলে। কয়েকবার ট্রাক ও একটা খালি বাস এসে থামলেও ভাড়ায় বনিবনা না হওয়ায় আবার অপেক্ষা রাস্তার পাশে।
এবার পেয়েছেন পত্রিকা নিয়ে উত্তরবঙ্গে যাওয়া একটি কাভার্ড ভ্যান। ভাড়া ঠিক হলো ৪০ টাকা।
উঠে পড়েছেন মুজিবর, অপেক্ষা সকালের জন্য, পরিবারের কাছে পৌঁছানোর জন্য।